সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথমদিনের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার, ২১ এপ্রিল তাড়াইল উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের চিত্র লক্ষ্য করা গেছে।
তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বরত উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, বিভিন্ন ক্যটাগরিতে এবার উপজেলার মোট ৩ টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৫৩৩ জন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এসএসসিতে ১ হাজার ৭৮ জন, দাখিলে ৩৫২ জন ও ভোকেশনালে ১০৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ৫১৬ জন।
পরীক্ষার কেন্দ্র ৩ টি হল, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও সহিলাটী আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা।
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রের কেন্দ্র সচিব শামসুন্নাহার বলেন, ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৩ জন অংশ গ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৫ জন। প্রতিটি রুমে সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে হাসি মুখে বের হয়েছে। তিনি আরও জানান, আমাদের বিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটির দ্বারা পরীক্ষা পরিচালনা করা হয়েছে। আজকের পরীক্ষা হল সুপার ছিলেন হুমায়ুন কবীর।
তাড়াইল থানার পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। আমি নিজে কেন্দ্রগুলো পরিদর্শন করছি। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। এছাড়াও কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।