কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ উন্নত জাতের পাটবীজ খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদার জড়িত বলে স্থানীয় সূত্রের দাবি।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল বিকেলে করিমগঞ্জ বাজার থেকে ওই বীজ উদ্ধার করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার বাজার এলাকায় এক বীজ ব্যবসায়ীর দোকানে রিকশাযোগে কয়েক বস্তা পাটবীজ পৌঁছে দেয়া হয়। এসব বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দ ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গোয়েন্দা সংস্থা ও কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যান।
স্থানীয়ভাবে জানা গেছে, বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বীজ বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরের সহযোগিতায় বাজার থেকে পাটবীজ উদ্ধার করা হয়। পরে সেগুলো উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ফেরত নেয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি বীজ বাজারে বিক্রির অভিযোগে তারা বিস্মিত। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ ছিল।
এ বিষয়ে ইউএনও উম্মে মুসলিমা বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।