ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৩ এপ্রিল দুপুরে নান্দাইল মডেল থানার গোলঘরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক ও সমস্যাসমুহের উপর কর্মরত দশজন সাংবাদিকের বক্তব্য শোনার পর, নবাগত ওসি আজহারুল ইসলাম জুয়া, মাদক ও চোরমুক্ত নান্দাইল উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকসহ নান্দাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি নান্দাইলকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। তিনি আরো জানান, অপরাধ দমনে অপরাধীদের তালিকা অনুযায়ী ছবি প্রকাশ করা হবে এবং ঝিমিয়ে পড়া সিসি ক্যামেরাগুলো পুনরায় সচল করার দ্রুত উদ্যোগ নেয়া হবে। এছাড়া অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জালিয়াতি রোধে এজেন্টদের অবশ্যই গ্রাহকদের এনআইডি কার্ড যাচাই করে লেনদেন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে এজেন্টদের সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।"
পাশাপাশি মাদক নির্মুলে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে ওসি বলেন, মাদক ও জুয়া নির্মুলে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অনলাইন ও অফলাইন জুয়াড়িদের তালিকা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন। তাছাড়া থানা চত্বরে কোনো ধরনের দালালি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, বিট অফিসারদের রদবদল করে নতুন অফিসারদের দায়িত্ব দেয়া হবে এবং সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো হয়রানি ছাড়াই সেবা পায়, তাও নিশ্চিত করা হবে।
এসময় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।