কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার, ৫ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোদালিয়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই (নিঃ) শ্রী মধুসুদন সরকার জানতে পারেন, উপজেলার আশুতিয়া গ্রামের আল আমিনের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় ও দেশীয় অস্ত্র মজুদ রয়েছে।
এ তথ্য পাওয়ার পর তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ এস এম আরিফকে অবহিত করেন। পরবর্তীতে তার নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন (৩৮) ও মোঃ মন্টু (২০) পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো মতে বসত ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা ও কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়াকিটকি সেট। এছাড়াও পৃথক তল্লাশিতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।