ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি রাতে নান্দাইল উপজেলার ১২১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
দীর্ঘ ১৭ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। যেখানে পুরুষের চেয়ে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশী ছিল। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ২৭৩, এর মধ্যে ৫১.৬৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ১ লাখ ৯৬ হাজার ৯৬৪টি ভোটের মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৬১৪টি।
৫ অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নান্দাইলে বিএনপির আধিপত্য বজায় থাকলেও ‘ফুলকপি’ প্রতীকের জামায়াত সমর্থিত প্রার্থীর শক্ত অবস্থান নান্দাইলের রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা ধানের শীষের ওপরই আস্থা রেখেছেন। যার ফল স্বরূপ বিএনপি’র প্রার্থী নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ফুলকপি’র চেয়ে ১৫ হাজার ৩২১ ভোট বেশী পেয়ে বিজয় লাভ করেছেন ধানের শীষের প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য, প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম চান ‘ফুলকপি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এছাড়া প্রয়াত সাবেক চারাবারের সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন মাত্র ৩০ হাজার ২০৮ ভোট।
অপরদিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাইদুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৫০১ ভোট, জাতীয় পার্টির হাসমত মাহমুদ (লাঙ্গল) পেয়েছেন ৭৭৩ ভোট এবং গণফোরামের মো. লতিফুল বারী হামিম (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৪৩ ভোট।
এই বিশাল বিজয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নেতাকর্মী ও জনগণের ফুলের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় নান্দাইলবাসীর বিজয়’। নান্দাইলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”