কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে রাজনৈতিক সহিংসতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বুধবার, ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে করিমগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এবং করিমগঞ্জ থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালান। অভিযানে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার সাকুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নুরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচন বানচালের আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। পরে রাত ৩টার কিছু আগে তাঁকে সুস্থ অবস্থায় করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের সময় আটক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্য, অস্ত্র বা অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।