জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চার প্রতিযোগী নয় ইভেন্টে উপজেলায় প্রথম স্থান অর্জন করে গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে।
বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মেহজাবিন কথা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, কেরাত, হামদ্ ও নাত প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার ও একক অভিনয় প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সিরাতুন তাছনিয়া উপজেলায় প্রথম স্থান অধিকার করেন।
বিদ্যালয়ের সুনাম বয়ে আনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন প্রথম স্থান অর্জনকারী চার শিক্ষার্থীকে অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তাদের মতে, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
এই অর্জনের মাধ্যমে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করল-শিক্ষা ও সংস্কৃতিচর্চায় প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।