কিশোরগঞ্জ জেলা ইটনা থানার নাছির উদ্দিন হত্যা মামলার আসামি গোলাম রুহানিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ সিপিএসসি চট্টগ্রাম ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার গোলাম রুহানী(৪১) ইটনা উপজেলার বাসিন্দা।
বুধবার,৩১ ডিসেম্বর বিকেল সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলার এজহার সূত্রে জানা যায়,বাদি মো. আনোয়ার হোসেন(২৯), পিতা-আব্দুল হাই, সাং-গজারিয়াকান্দা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ এর সাথে গ্রেফতার আসামি গোলাম রুহানী(৪১), থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জসহ এজাহার নামীয় আসামিরা প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জেরে গত বছরের ৮ ডিসেম্বর অনুমান ৪টার দিকে গ্রেফতার আসামিসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদিরর বসতভিটায় প্রবেশ করে বাদিকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের পিটিয়ে, বল্লম দিয়ে ঘাই মেরে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরিবারের সদস্যরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বাদিরর ছোট ভাই ভিকটিম মো. নাছির উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার পর থেকেই র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় আসামিকে গ্রেফতার করে র্যাব তাকে ইটনা থানায় হস্তান্তর করে।