কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে পৌর এলাকার তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
শনিবার,১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পৌরসদরের কলেজ রোডে পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এছাড়াও আগুনে আশেপাশের আরও ২-৩টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফুচকা এন্ড ফাস্টফুড, নিরব টাইলস এন্ড স্যানিটারি এবং অনন্যা ডিজিটাল স্টুডিও।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসদরের ফুচকা এন্ড ফাস্টফুডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনে পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ দিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সারোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।