কিশোরগঞ্জে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। তারা ব্যানার হাতে নিয়ে হাঁটছেন এবং দিচ্ছেন নানা স্লোগান—
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “অবৈধ সরকার মানি না, মানবো না”, “অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না”।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কি না, তা জানা নেই। যেহেতু আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই এ ধরনের মিছিল বেআইনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”