জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় শামীম নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষের জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে। এব্যাপারে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমডাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে ভুক্তভোগী বাদি আনোয়ার হোসেন (৫০) ও তার ভাই সানোয়ার কবীরের (৪০) অভিযোগ, ২০২১ সালে দলিলমূলে জমিটি তার পিতা তাদের নামে হস্তান্তর করেন (দলিল নং-১৭৯৬)। সেই থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত প্রতিবেশী এএসআই শামীম তার পেশাগত পরিচয় ও প্রভাব খাটিয়ে অনধিকার প্রবেশ করে মেলান্দহ থানাধীন গোয়ালিনীচর মৌজার সেই জমি দখল করে ঘর নির্মাণ করছে। আনোয়ার হোসেন গং জমিতে ঘর তোলায় বাঁধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন বিবাদিগণ।
এ বিষয়ে বিবাদি মো. শামীমের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 'ওই জমি পৈতৃক সুত্রে প্রাপ্ত আমাদের অংশ। তারা অন্যদাগে ভোগ করছে। বিষয়টি নিয়ে শালিশও হয়েছে। ঘরের পাশে যে পরিমাণ রাস্তা রাখতে বলা হয়েছিল, তা রেখেই আমরা কাজ করছি। আমার বিরুদ্ধে অভিযোগটি তাদের সঠিক নয়।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী আনোয়ার হোসেনের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে অপর পক্ষও একটি লিখিত অভিযোগ দিয়েছে। উভয় পক্ষের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।