কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২১ অগাস্ট রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার স্টেশন রোড এলাকায় হোটেল গোল্ডেন পার্ক নামে একটি আবাসিক হোটেলের ৩য় তলার ৩০৪ নং কক্ষ থেকে গলায় ফাঁস ও দুহাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাহিদ খান অভি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আ. হক খানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১৯অগাস্ট থেকে তিনি হোটেল গোল্ডেন পার্কে ওঠেন। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মানুন বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে আত্মহত্যা, তবে যেহেতু গামছা দিয়ে দুহাত বাঁধা তাই ঘটনাটি আত্মহত্যা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।