ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ গণ-অভ্যূত্থানে বীর শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এর স্মরণে ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২০ জুলাই দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম ঈশ্বরগঞ্জে ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদের বাবা শেখ মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, উপজেলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক আবুল খায়ের বরকতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, এনসিপির জেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. তারেক, উপজেলা শাখার আহবায়ক মোজাম্মেল হক, শহীদের মা মমতাজ বেগম, অধ্যক্ষ আলমগীর কবীর, অধ্যক্ষ তানহার আলী, প্রভাষক মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের সহ সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় শহীদ শেখ শাহরিয়ারের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ২০০৫ সালের ১লা নভেম্বর ঢাকায় জন্ম নেওয়া শাহরিয়ার, বাবা-মা ও একমাত্র ছোট বোন শেখ মুমতাহিনা বিনতে মতিন স্মাইলের সাথে বিভিন্ন শহরে বেড়ে উঠেছেন। মেধাবী ছাত্র শাহরিয়ার ছিলেন সাহসী, সৎ, সত্যবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। ইসলামী জীবন বিধান মেনে চলতেন এবং ছিলেন মিশুক ও দয়ালু।
২০২৪ সালের ১৮ই জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১০ গোলচত্বরে তিনি আন্দোলনে সক্রিয় অংশ নেন। তার খালাতো ভাই বাদল গুলিবিদ্ধ হলে শাহরিয়ার আরও দৃঢ় হয়ে ওঠেন। সেই দিন বিকেলে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৪৪ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০শে জুলাই দুপুর ২টা ৬ মিনিটে তিনি শাহাদাত বরণ করেন।
'জুলাই শহীদ' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া শাহরিয়ার তার নিজ উপজেলার কুমড়াশাসন গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। তার আত্মত্যাগ বৃথা যাবে না। আসুন, আমরা তার দেখানো পথে চলি এবং একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গড়ার জন্য কাজ করি। আল্লাহ যেন শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। পরিশেষে বিশেষ মোনাজাত করে আলোচনা সভা অনুষ্ঠানের সমাপ্তি হয়।