দেশের অন্যতম ঐতিহাসিক ও সর্বাধিক আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের অনলাইন ডোনেশনের ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার, ৪ জুলাই সকালে কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই অনলাইনে দান করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া জানান, “দেশব্যাপী আলোচিত পাগলা মসজিদের দান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ডিজিটাল ও আধুনিক করতে এ ওয়েবসাইট চালু করা হয়েছে। বিকাশ, নগদ ও ব্যাংক পেমেন্টের মাধ্যমে সহজেই দান করার সুবিধা রাখা হয়েছে।”
ওয়েবসাইটটিতে (www.paglamosque.org) মসজিদের ইতিহাস, দান সংক্রান্ত হালনাগাদ তথ্য, নামাজ ও জামাতের সময়সূচি, ধর্মীয় অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাগলা মসজিদ একটি নতুন দিগন্তে প্রবেশ করলো। প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে এ উদ্যোগ ধর্মপ্রাণ মুসলমানদের দান ও অংশগ্রহণ আরও সহজতর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।