তোমরা সৎ ও খোদার ভীতির কাজে একে অপরকে সাহায্য কর। আল-কোরআনের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আল-হুদা উলামা সোসাইটির উদ্যোগে এলংজুরী ইউনিয়নের ২০২১ থেকে ২৫ পর্যন্ত দাওরায়ে হাদীস উত্তীর্ণ নবীন আলেমদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১০ জুন সকাল দশটায় ছিলনী মাদ্রাসা প্রাঙ্গনে আল-হুদা উলামা সোসাইটির সভাপতি মুফতি বাহারুল ইসলাম মারুফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ।
এতে বক্তব্য রাখেন নেত্রকোনা মোজাফ্ফরপুর লুৎফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বোরহান উদ্দিন রাব্বানী, জামিয়া-উসমানিয়া দারুল-উলুম টঙ্গীর সিনিয়র মুহাদ্দিস মুফতি মাহবুবুর রহমান নোমানী, মিরপুর মাদ্রাসা দারুর রাশাদ এর মুহাদ্দিস, বিশিষ্ট লেখক মাওলানা মুফতি আবু সাঈদ, আল-হুদা উলামা সোসাইটির উন্নয়ন ব্যবস্থাপক মাওলানা মাহাব্বত হোসাইন নাখেরাজী প্রমুখ।
বক্তাগণ দাওরায়ে হাদীস সমাপনকারী নবীন আলেমদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামের যথাযথ প্রচার ও প্রসারে নিজেদের জীবন উৎসর্গ করা ও বাস্তব জীবনে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ৭জন মহিলা দাওরায়ে হাদীস সমাপনকারী নবীন আলোমাসহ মোট ৪৩ জন আলেমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আল-হুদা উলামা সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তার হোসাইন ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আল-আমিন।