কিশোরগঞ্জের মানিকখালী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২) এক যুবককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।
শনিবার, ১৭ মে বিকেল ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া গ্রেফতারের বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
রেলওয়ে থানা পুলিশ জানায়, এক বছর যাবত ১২ হাজার ৫শ’ টাকার বিনিময়ে ৫০, হাজার টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকা থেকে জনৈক ব্যক্তির থেকে সংগ্রহ করে বিভিন্ন ব্যস্ততম দোকানে দোকানে সন্ধ্যার পরে অল্প আলোতে কয়েকটি জেনুইন নোটের মধ্যে জাল নোট মিশিয়ে কেনাকাটা করে আসছিলেন। এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করতো। এরপর জাল নোটের কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করতো। তিনি জাল টাকা ও জাল টাকার ডিলার পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া জানান, এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।