
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের টানা ৪০ বছরেরও অধিক সময়ের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি বাদ আসর নিজ গ্রামের নতুন ঈদগাহ মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাকীন মাশরুর খান। পরে মরহুমের নামাজের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাঁকে।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ি উপজেলার উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে মারা যান তিনি। ( ইন্না-লিল্লাহি ওয়া…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
ডায়াবেটিস, হাই প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।
নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রবীণ এ নেতার মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষবারের মতো দেখতে মরহুমের বাড়িতে ছুটে আসেন কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের অসুস্থতার খবর পেয়ে এর আগে গত ৮ ডিসেম্বর রাতে তাঁর বাড়িতে ছুটে এসেছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
Leave a Reply