কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আগুনে দগ্ধ হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার, ২৫ জানুয়ারি রাত দেড়টার দিকে ইটনা উপজেলার সদর পূর্বগ্রাম মোল্লাপাড়ায় সাবাজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, বাড়ির মালিক সাবাজ মিয়া ও ইটনা সদরের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক বিডিচ্যানেল ফোরকে জানান, শনিবার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তারা আরও বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পুড়ে একটি ষাড় গরু, একটি গর্ভবতী গাভী ও একটি গাভীর বাছুর পুড়ে সাথে সাথেই মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
এছাড়া আরও একটি গাভী ও একটি বকনা বাছুরের শরীর আংশিক ও অর্ধেক পুড়ে গেছে। অপর দিকে সাবাজ মিয়ার স্ত্রী আলেহা (৪০), ছেলে রায়হানও (২০) অগ্নিদ্বগ্ধ হয়ে আহত হন। তাদেরকে ইটনা সদর হাসপাতালে ভর্তি করার হয়েছে। পাশাপাশি ঘরে থাকা ২৬ বস্তা সার, ঘরে থাকা পঞ্চাশ হাজার টাকার মাছ ধরার সুতার জাল পুড়ে ছাই হয়েছে যায়।
ইটনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে এসে পৌঁছে এলাকাবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।