কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আবু কালাম আঙ্গুর (৫২) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আবু আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
বুধবার, ১ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকেত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।
তিনি আরো জানান, গত বছরের ৪ অগাস্ট সন্ধ্যা অনুমান ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আত হয়।
ওই হামলার ঘটনায় মো. মাহফুজুর রহমান বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর র্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মো. আবু কালাম আঙ্গুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।