ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতনে নিহত শিক্ষার্থী পাপিয়া আক্তারের (১৫) ধর্ষক হোসাইনকে অবিলম্বে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিহত ওই শিক্ষার্থীর বাড়ি সামনে নান্দাইল টু হোসেনপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষকের দ্রুত বিচারের দাবী জানায় ধর্ষিতার পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ। জানা গেছে, পাপিয়াকে অপহরণকারী ধর্ষক হোসাইন একই ইউনিয়নের কুচুরী চরপাড়া গ্রামের হানিফ মিয়ার পুত্র। হোসাইন ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করত। একপর্যায়ে চলতি বছরের ১ল জুন প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক ছাত্রীটিকে দলবলসহ উঠিয়ে নারায়ণগঞ্জ এলাকায় নিয়ে ধর্ষণসহ শারীরিক নির্যাতন করে। পরে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৬ সেপ্টেম্বর নান্দাইলে টু হোসেনপুর রাস্তায় ফেলে রেখে যায় ধর্ষক হোসাইন। এতে পাপিয়া আক্তার তার ডান চোখ হারানোর পর অবশেষে চিকিৎসার অভাবে ১৬ ডিসেম্বর মারা যায়। ওই শিক্ষার্থী সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নিরীহ কৃষক আবুল কালামের মেয়ে ও একটি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।