ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় গ্রামের নীরিহ অটোচালক আবুল কাশেম হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৫ জুলাই সকাল ১১টায় উপজেলার চরলক্ষীদিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে নান্দাইল টু ত্রিশাল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
এছাড়া মাদ্রাসা ময়দানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত খুনের সাথে জড়িত এফআইআর’ভুক্ত ১০জন আসামিসহ অজ্ঞাতনামা সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। পাশাপাশি বাদী পরিবারের নিরাপত্তার দাবীর জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আবুল কাশেমের ছেলে মামলার বাদী হিমেল, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
এসময় নিহতের পরিবার-পরিজন, এলাকাবাসী ও নান্দাইলে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২শে জুন মামলার ১নং আসামি রফিকুল ইসলাম রবি’র নেতৃত্বে অন্যান্য আসামিগণ অটো চালক আবুল কাসেম (৪০) এর উপর নির্মমভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে ২৩ জুন রাতে আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।